শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ৬শ ঘনফুট বালু জব্দ, মোবাইল কোর্টের অভিযান
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৬শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শেভরন গ্যাস কোম্পানি ও গারো লাইনের মধ্যবর্তী এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৬০০ ঘনফুট বালু উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু জব্দ করা হয়।
পরে জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ বালু উত্তোলন রোধে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক নজরদারি রাখার আহ্বান জানানো হয়
এদিকে, জব্দকৃত বালু আইনানুযায়ী নিষ্পত্তি বা নিলামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
A H M Hafizul Bari