কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি#
কুষ্টিয়ার ভেড়ামারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বিশেষ কায়দায় তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি জব্দ করা হয়।
পুলিশ জানায়, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন ভেড়ামারা থানার এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব এবং এসআই মনোয়ার হোসেনসহ আরো অফিসার ও সঙ্গীয় ফোর্স।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল বুধবার (১ জুলাই ২০২৬) ভোর ০৪.০০ টার সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মৃত খলিল মণ্ডলের বসতবাড়িতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ির পশ্চিম পাশের ঘরের মধ্য থেকে ১৩৪ বোতল মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে মডিফাই করা দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. মাহাবুল মণ্ডল (৩০) এবং হাবু (৪২)। তারা উভয়েই ভেড়ামারা থানার কাজীহাটা গ্রামের বাসিন্দা। পুলিশি রেকর্ডে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. মাহাবুল মণ্ডলের বিরুদ্ধে পূর্বেও ভেড়ামারা এবং টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।
Mehedi Hasan