অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
মহেশখালী প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশেষ করে দিনমজুর, নিম্ন আয়ের ও অসহায় মানুষের খাদ্যসংকট দেখা দেওয়ায় তাদের সহায়তায় এগিয়ে এসেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর ফরিদ।
মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে হোয়ানক ইউনিয়নের ৫০০টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম এবং হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম. আবদুল মতিন। এছাড়াও হোয়ানক কালাগাজীর পাড়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হোয়ানক ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, টানা বৃষ্টির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে এই খাদ্য সহায়তা তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে। তারা ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক ও মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
Mehedi Hasan