কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবন নিয়ে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সার্বিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।
সভায় প্রধান অতিথি বলেন, শপিংমলে ক্রেতা বাড়াতে সমন্বিত প্রচার-প্রচারণা ও যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। তিনি সরকারি নির্দেশনা অনুসারে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার, প্রয়োজন শেষে এসি ও লাইট বন্ধ রাখা, সিসিটিভি ক্যামেরার নিয়মিত পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্ধারিত সময় অনুযায়ী শপিংমল খোলা ও বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শপিংমলের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হলে ব্যবসা পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে। এ সময় অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও অন্যান্য অংশীজন বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। শেষে উপস্থিত সকল অংশীজনের গঠনমূলক মতামত ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের অংশীজন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
Mehedi Hasan