
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়াতে ইতিবাচক বার্তা দিল যুক্তরাষ্ট্র
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশে বর্তমান স্থিতিশীল পরিবেশের প্রশংসা করে দেশটিতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে পুনর্বিবেচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ আন্তর্জাতিক প্রতিনিধি সার্জিও গরের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে বিনিয়োগের জন্য ইতিবাচক উল্লেখ করে বলেন, এ পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে বিশেষ করে কৃষিপণ্য সংরক্ষণ, ওয়্যারহাউজিং এবং তথ্যপ্রযুক্তি খাতে আরও বড় পরিসরে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগ বাড়লে দেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হবে।
বৈঠকে বাংলাদেশে ওষুধ ও খাদ্যপণ্যের পরীক্ষাগার স্থাপনে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সহযোগিতা পুনরায় চালুর বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মত প্রকাশ করে।
এ ছাড়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকটের একটি টেকসই রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।