প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
শ্রীমঙ্গলে দাড়াইশ সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে দাড়াইশ সাপ উদ্ধার
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিববাড়ি রোড এলাকার একটি ধানক্ষেত থেকে একটি দাড়াইশ সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্থানীয়দের আতঙ্কে একই স্থানে দেখা পাওয়া দুটি সাপের মধ্যে একটি পিটিয়ে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে নিমাই শিববাড়ি রোড এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা হঠাৎ দুটি সাপ দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কিত জনতা একটি সাপকে মেরে ফেলে।
এ সময় উপস্থিত মোজাহিদ মিয়া স্থানীয়দের অপর সাপটি না মারার জন্য অনুরোধ করেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
তারা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে দাড়াইশ (র্যাট স্নেক) হিসেবে শনাক্ত করেন এবং নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, দাড়াইশ সাপ বিষধর নয় এবং এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে উদ্ধারকারী সংস্থা বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv