
মোহাম্মদ নূর, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৭ ও ২৮ জুলাই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সাদ্দাম হোসেন, মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী এবং রফিকুল ইসলাম।
আদালতের রায়ে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রফিকুল ইসলামকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি নয়জনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও মদ বিক্রি এবং সেবনের অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা অভিযোগ স্বীকার করেন। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করেন।
রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।