
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দীর্ঘ সময় অলস পড়ে থাকা বাসগুলোকে পূর্বাচলে অস্থায়ী ডিপোতে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে প্রথম ধাপে ২০টি বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপের ফলে মহাখালী এলাকায় যানজট কমবে এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।
বাস স্থানান্তর কার্যক্রম শুরুর আগে আয়োজিত এক আলোচনা সভায় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন এবং অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর যানজট নিরসনে ঢাকার অভ্যন্তরে থাকা বাস টার্মিনালগুলো ধাপে ধাপে পুনর্বিন্যাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মহাখালী টার্মিনালে ট্রিপবিহীন বাসগুলোকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় বাসগুলো টার্মিনালে প্রবেশ করবে।
রাজউকের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের প্রায় ১০ একর জমিতে অস্থায়ীভাবে বাস রাখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রায় ৫০০টি বাস রাখার সক্ষমতা রয়েছে।
এদিকে, রাজধানীর যানজট কমাতে ফুলবাড়িয়া-গুলিস্তান, মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ এই চারটি বাস টার্মিনাল ধাপে ধাপে স্থানান্তরের পরিকল্পনাও এগিয়ে চলছে। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।