
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির জমকালো অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন।
আবদুর রহমান মহেশখালী থেকে।
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির জমকালো অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আজিজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সাংবাদিকতাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, "মহেশখালীর চলমান বড় বড় মেগা প্রকল্প ও অপার সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। মহেশখালীর সকল অন্যায় ও অবিচারের খবর সাংবাদিকদের কলমের মাধ্যমে ফুটে তুলতে হবে, পাশাপাশি সরকারের ভালো কাজের চিত্রও জনগণের সামনে আনা প্রয়োজন।" উপকূলীয় পরিবেশ রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "সোনাদিয়ার প্যারাবন নিধনের সাথে যারা জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে এবং অবৈধ ঘেরগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটি সততা ও পেশাদারিত্বের মাধ্যমে এই প্রেসক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান-মাহমুদ-ডালিম। তিনি বলেন, "প্রশাসন ও সাংবাদিকতা মুদ্রার এপিঠ-ওপিঠ। গ্রামীণ জনপদের নানাবিধ সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সাংবাদিকরা মাঠ প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দারুণভাবে সহায়তা করতে পারেন।"
সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার তাঁর বক্তব্যে সচেতনতা তৈরিতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম উল্লেখ করে সরকারি সম্পদ রক্ষা এবং উপকূলীয় পরিবেশ ও বন সুরক্ষায় সাংবাদিকদের কলমকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হুদা। তাঁরা করোনাকালীন ও পরবর্তী সময়ে স্থানীয় স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং ঘাটতিগুলো সংবাদে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশের অনুরোধ করেন।
বক্তব্য পর্ব শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, পুলিশ পরিদর্শক প্রতুল কুমার শীল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ বিএ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইছার মুনির, শাপলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলসহ স্থানীয় সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ।
মহেশখালীর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আব্দুল মান্নান এর মৃত্যুতে শোক প্রস্তাব ও তাঁর সম্মানে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল ও সাধারণ সম্পাদক এম আজিজ সিকদারসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রেসক্লাবের সার্বিক অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।